
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে গ্রেফতার করেছে র্যাব-২। হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।
শুক্রবার সকালে র্যাব-২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর অধিনায়ক নয়মুল হাসান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের একটি গোপন স্থানে অভিযান চালিয়ে চুয়া সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট পরিচালনা, মারামারি ও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন চুয়া সেলিম। এর আগে ২০২৫ সালের ৮ জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকেও তাঁকে গ্রেফতার করেছিল র্যাব-২।
তবে পরবর্তী সময়ে জামিনে বেরিয়ে আসায় হতাশা প্রকাশ করেছেন র্যাব-২-এর অধিনায়ক।